মুক্তিযোদ্ধা টিভি ৭১
মুক্তিযোদ্ধা টিভি ৭১
সংবাদটির পরিচ্ছন্ন প্রিন্ট সংস্করণ
সারাদেশ

জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক: মোঃ রাজু আহমেদ প্রকাশ: Nov 10, 2026 প্রিন্ট: 10 Nov 2026, 06:34 AM
জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে 'Danib Bin Iqbal' এর ফেসবুক আইডি সহ বিভিন্ন ফেসবুক আইডি থেকে লাইভে এসে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন বলে ভিডিওগুলোতে দেখা যায়। এতে দুইপাশে যানবাহন আটকে থাকে।

এ সময় প্রায় ২৫ টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান ও যান চলাচল ব্যাহত হওয়ার দৃশ্য দেখা যায়।

এদিকে চারদিক থেকে অবরোধে নেতাকর্মীরা আসা শুরু করলে পদ্মা সেতুর দক্ষিণ থানার প্রধান গেট তালা মেরে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এছাড়া থানার কোন কর্মকর্তাও ফোন রিসিভ করেননি। তাই এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ মুক্তিযোদ্ধা টিভি ৭১
Official print copy